শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এড. নূরুল ইসলাম নূরুল।
১১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মোট ৯৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সামছ উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট। অর্থাৎ, ২২ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে নূরুল ইসলাম জয়লাভ করেছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন মোটর সাইকেল প্রতীকে ২৬ হাজার ৩০৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. নাজমুল হুদা লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহীদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৫ ভোট পেয়েছেন। এই আসনে এবার মোট ভোটারের সংখ্যা ছিল ৩,৭২,১৮৫ জন। এর মধ্যে ২,০৯,৫৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২,০৩,৫৮৮টি এবং বাতিল হয়েছে ৫,৯৭০টি ভোট। এই আসনে ভোট প্রদানের হার ৫৬.৩০ শতাংশ।
সুনামগঞ্জ বিএনপির রাজপথের সাহসী তারুণ্য এড. নূরুল ইসলাম নূরুল। বিগত সরকারের শাসনামলে রাজপথে লড়াকু ভূমিকা ছিল তাঁর। সুনামগঞ্জ—৪ আসনে ২০ বছর পর দলের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নূরুল বিজয়ী হয়েছেন। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসন নিয়ে গঠিত সুনামগঞ্জ—৪ আসনে সর্বশেষ ২০০৬ সাল পর্যন্ত বিএনপির এমপি ছিলেন সাবেক হুইপ প্রয়াত ফজলুল হক আছপিয়া। এরপর ২০০৮ ও প্রশ্নবিদ্ধ ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষে অংশ নিলেও পরাজিত হন আছপিয়া।