সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
তাজুল ইসলাম আজাদ:
উত্তর সুরমায় জ্ঞানচর্চা, বইপাঠ ও মুক্তবুদ্ধির বিকাশের লক্ষ্যে ‘বহুস্বর’ নামে একটি মাসিক পাঠচক্র পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ছয়জন সদস্যের অংশগ্রহণে গতকাল (১৭ অক্টোবর) রোজ শনিবার প্রথম পাঠচক্রের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।
পাঠচক্রের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, উত্তর সুরমায় জ্ঞানচর্চার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান তাঁরা। নিয়মিত বইপাঠ, আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে জ্ঞানভিত্তিক ও মননশীল সমাজ গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা।
‘বহুস্বর’-এর প্রথম পাঠচক্রে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ মাহমুদ শাহজালাল, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিক লাইব্রেরির পরিচালক আবুল কালাম, সৃজনশীল মডেল স্কুলের প্রধান শিক্ষক সালেক সুমন সিরাজি, এমসি কলেজের শিক্ষার্থী ও উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ উসমান গনি, সাংবাদিক ও উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়। পরে প্রখ্যাত লেখক আহমদ ছফার লেখা ‘যদ্যপি আমার গুরু’ গ্রন্থটি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন অংশগ্রহণকারীরা। বইটির বিষয়বস্তু, চিন্তাধারা ও বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রথম পাঠচক্রের সমাপ্তি ঘটে।
নিয়মিত পাঠচক্র আয়োজনের মাধ্যমে বইপড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং উত্তর সুরমায় জ্ঞানচর্চার নতুন পরিবেশ তৈরিতে ‘বহুস্বর’ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।