মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার নলূয়া (নৌল্লা) গ্রামের বাসিন্দা মরিয়ম বিবি। শারীরিক প্রতিবন্ধকতা ও সাম্প্রতিক দুর্ঘটনার কারণে বর্তমানে দৈনন্দিন কাজকর্ম করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি।
মরিয়ম বিবির একটি পা স্বাভাবিক নয়। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করতে হয়। এর মধ্যে কিছুদিন আগে গরম পানি পড়ে তাঁর হাত ও পা পুড়ে যায়। বর্তমানে পোড়া ক্ষত কিছুটা শুকাতে শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি তিনি।
শারীরিক এই সমস্যার কারণে বাজার করা, রান্নাবান্না ও অন্যান্য দৈনন্দিন কাজ তাঁর জন্য আরও কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় মরিয়ম বিবির পরিবারের পাশে দাঁড়িয়েছে আমানাহ ফাউন্ডেশন। সম্প্রতি ফাউন্ডেশনের কয়েকজন সদস্য তাঁর বাড়িতে গিয়ে চাল, তেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন।
খাদ্যসামগ্রী পেয়ে মরিয়ম বিবি স্বস্তি প্রকাশ করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সহায়তাটি তাঁর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়ভাবে অসচ্ছল ও শারীরিকভাবে অসুস্থ অনেক মানুষই নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত থাকেন। তাঁদের চিহ্নিত করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।