বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসির মিয়া (৩৫) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে একটি মামলার আসামি আসির মিয়াকে আটক করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান। এ সময় তার হাতে হ্যান্ডকাফ পরানো ছিল বলে জানা গেছে।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, পুলিশের অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি একটি বিচার-শালিসে ছিলেন। পরে তিনি জানতে পারেন, আসির মিয়াকে আটক করার সময় ঘটনাস্থলে হইচই শুরু হলে সেই সুযোগে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে এমন ঘটনা ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে, পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে।