মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ইব্রাহিম খলিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জের (PUSAS) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘Neuron & Mediaim Presents Sunamganj’s Talent Olympiad, Season-3 (2026)’। জেলার শিক্ষার্থীদের জন্য বৃহৎ পরিসরে মেধাভিত্তিক প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে সংগঠনটির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এবার আয়োজন করা হচ্ছে অলিম্পিয়াডের তৃতীয় আসর।
পাবলিক বিশ্ববিদ্যালয়পড়ুয়া সুনামগঞ্জের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন PUSAS শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার প্রসার এবং মেধা বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় সংগঠনটির অন্যতম বৃহৎ শিক্ষামূলক আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে ‘Sunamganj’s Talent Olympiad’। প্রথম দুই আসরের সাফল্য ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণকে সামনে রেখে এবার আয়োজনটিকে জেলার ১২টি উপজেলায় আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে PUSAS।
এবারের অলিম্পিয়াডে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (প্রাইমারি), ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (জুনিয়র), নবম ও দশম শ্রেণি (সেকেন্ডারি) এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি (হায়ার সেকেন্ডারি)।
নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি পৃথক বিভাগ রাখা হয়েছে। প্রতিটি শ্রেণি ও বিভাগের জন্য থাকবে স্বতন্ত্র প্রশ্নপত্র ও নির্ধারিত প্রশ্নপদ্ধতি। ফলে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণি ও বিভাগ অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
আয়োজক সূত্রে জানা যায়, অলিম্পিয়াডের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৬ থেকে, যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর ২০২৬,রোজ সোমবার।
এবারের আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে Neuron Nursing Coaching Centre ও Mediaim Medical Coaching Centre। তাদের সহযোগিতায় PUSAS আয়োজনটিকে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছে।
উল্লেখ্য, PUSAS-এর উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডের প্রথম আসরে ৫০০-এর বেশি এবং দ্বিতীয় আসরে ৯০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পূর্ববর্তী দুই আসরের অভিজ্ঞতা ও সাড়া থেকে অনুপ্রাণিত হয়ে তৃতীয় আসরে ৪ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক সংগঠনটি।
PUSAS-এর আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলবে এই আয়োজন।
PUSAS-এর লক্ষ্য—সুনামগঞ্জের প্রতিটি প্রান্তের মেধাবী শিক্ষার্থীর জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করা।