মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন:
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারকে মাদকমুক্ত করা এবং চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসিদ আহাম্মেদ।
গত ৫ নভেম্বর বৃহস্পতিবার মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত মাদক ও চুরি প্রতিরোধমূলক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
সম্প্রতি মঙ্গলকাটা বাজার এলাকায় চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উত্তর সুরমা এলাকায় মাদক, আটটি গরুসহ চোর আটক এবং কসাইয়ের বিরুদ্ধে চুরি করা গরু এনে জবাই করার অভিযোগের পরিপ্রেক্ষিতে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়।
এরই ধারাবাহিকতায় স্থানীয়দের অংশগ্রহণে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। সভায় মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় চেয়ারম্যান রসিদ আহাম্মেদ বলেন, মঙ্গলকাটা বাজারে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, সুরমা নদীর উত্তর পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত জরুরি। এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়বে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিয়মিত নজরদারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো হলে মঙ্গলকাটা বাজারে অপরাধপ্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।