বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েকটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড়সহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পল্লী বিদ্যুতের মেইন পিলারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অনেক পরিবার ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার সুযোগও পায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও একপর্যায়ে ১৫টি বসতঘর আগুনে পুড়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ঘরবাড়ি ও সংসারের মালামাল হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি ও বেসরকারিভাবে সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।