রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি:
ছাতকে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ওসি (তদন্ত) ঝলক কুমার মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পিআইও রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্রদাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তাঁরা স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলের বিভিন্ন গৌরবোজ্জ্বল ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই এই বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস সম্পর্কে সম্যক অবগত নন। তাই বিভিন্ন সভা-সমাবেশ, প্রচারণা এবং পাঠ্যসূচিতে দিবসটির অন্তর্ভুক্তি বাড়াতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর সঠিক ইতিহাস জানতে পারে।
আলোচনা সভা শেষে উপজেলা মসজিদে এক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া ও হাজী নিজাম উদ্দিন বুলি প্রমুখ।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচি:
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং ছাতক ও কৈতক হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।