বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুরের (পুসাব) উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় এবং রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে। অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি উপজেলার বাইরে অধ্যয়নরত বিশ্বম্ভরপুরের স্থায়ী বাসিন্দা শিক্ষার্থীদের জন্যও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
অনলাইনে আবেদন করতে হবে পুসাবের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমেও অফলাইনে আবেদন করা যাবে।
পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র), গণিত এবং ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র)—প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে বরাদ্দ থাকবে। বাকি ২৫ নম্বর থাকবে সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
উল্লেখ্য, ২০১৪ সালে বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মন কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)। উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা তিন শতাধিক।
পুসাবের সভাপতি আবুল হাসনাত বলেন, “আমাদের মূল লক্ষ্য শুধু একটি মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা নয়; বরং বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও উচ্চশিক্ষার স্বপ্ন জাগিয়ে তোলা। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও যেন নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এ উদ্যোগ সফল করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিবউল আউয়াল জানান, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পুসাবের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
আবেদনের লিংক: https://www.pusab.net/scholarship-exam
ওয়েবসাইট: www.pusab.net