শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
আমিনুর রহমান পরান, সদর প্রতিনিধি:
সুনামগঞ্জে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম (মাইআপ)-এর উদ্যোগে ‘মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’-এর পুরস্কার বিতরণী এবং এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মাইজবাড়ীর আলহেরা মাদরাসা অডিটরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ‘মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’-এর চেয়ারম্যান আলী আকবরের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক জুয়েল আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদ, টেকনিক্যাল স্কুলের সিনিয়র শিক্ষক রজব আলী, ভূমি কর্মকর্তা জহুর আহমদ এবং সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলবাব আহমদ। এছাড়াও মাইজবাড়ী গ্রামের বিভিন্ন মসজিদের মোতাওয়াল্লী ও সেক্রেটারিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সংবর্ধিত এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোস্তফা রশিদ তালহা ও আমিনুর রহমান পরান।
এবারের ‘মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’-এ পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেইসাথে সদ্য উত্তীর্ণ এইচএসসি কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।