রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ক্রিকেটে প্রতিভা ও সম্ভাবনার স্বাক্ষর রেখে সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ (U-18) ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন উত্তর সুরমার তরুণ ক্রিকেটার জাহিদুল ইসলাম জুবায়ের। তাঁর এ অর্জনে আনন্দিত স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্লেয়ার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী, জুবায়ের সুনামগঞ্জের সুরমা ক্রিকেট একাডেমির একজন অলরাউন্ডার হিসেবে নিবন্ধিত হয়েছেন। তাঁর বাড়ি উত্তর সুরমার ঝরঝরিয়া গ্রামে।
তরুণ এই ক্রিকেটার ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দিতে চান। ভবিষ্যতে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি হতে পারে তাঁর সামনে। আর বিভাগীয় পর্যায়েও নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারলে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে।
জুবায়েরের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং উত্তর সুরমার তরুণ ক্রিকেটারদের জন্যও অনুপ্রেরণার উৎস। সঠিক দিকনির্দেশনা, অনুশীলন ও সুযোগ পেলে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রাও যে বড় পর্যায়ে নিজেদের জায়গা করে নিতে পারেন, জুবায়েরের এই অর্জন তারই একটি উদাহরণ।
আগামীতেও নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে ক্রিকেটে আরও এগিয়ে যাবেন জুবায়ের—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের।