শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ডেক্স রিপোর্ট:
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে বেলা ১১টা ১৯ মিনিটে বাটন প্রেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এডিএম সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল প্রমুখ। এছাড়াও এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সকল সরকারি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ডিজিটাইজড করার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু নানাবিধ অসুবিধার কারণে সেই সেবাটুকু শতভাগ দেয়া যাচ্ছে না। এরমধ্যে বড় সমস্যা হচ্ছে, নেটের স্পিড। এই নেটের স্পিড বাংলাদেশের সব জায়গায় কাঙ্ক্ষিত পর্যায়ে এখনও পৌঁছাতে পারেনি। এছাড়াও ডিজিটাল এফিশিয়েন্সি সবার কাছে নেই। যার কারণে সেবা গ্রহীতারা সাধারণ কম্পিউটার দোকানগুলোতে যায় এবং তাদেরকে এক্সট্রা খরচ দিতে হচ্ছে। আমাদের সবার ঘরে ল্যাপটপ, কম্পিউটার নাই। সেজন্য সরকার আরেকটি উদ্যোগ গ্রহণ করেছে। সেটি হচ্ছে, ভূমি সেবা সহায়তা কেন্দ্র। এটি হলো বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি বিশেষায়িত নাগরিক সেবা কেন্দ্র। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজ এলাকার কাছাকাছি থেকেই খুব সহজেই হয়রানি ছাড়াই ভূমি—সংক্রান্ত যেকোনো সেবা পায়।