শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
তাজুল ইসলাম আজাদ::
সৌদি আরবের মাটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা সাহেবনগরের রেমিট্যান্স যোদ্ধা আলমগীরের মরদেহ আজ সকালেই দেশে এসে পৌঁছেছে। তার অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো সাহেবনগর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে এবং পরিবারসহ এলাকাবাসির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আলমগীরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ছুটে যান স্থানীয় দুই সামাজিক সংগঠন “উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন” ও “উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাব”-এর নেতৃবৃন্দ ও সদস্যরা।
শোকবিহ্বল পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সংগঠন দুটির পক্ষ থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। পরিবারের তাৎক্ষণিক প্রয়োজনে সংগঠনের প্রতিনিধিরা তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় সংগঠনের সদস্যরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের পাশে অবস্থান করেন এবং তাদের মানসিকভাবে সাহস যোগান। সংগঠন দুটির প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে জানান: “আলমগীর ছিলেন আমাদের এলাকার একজন সংগ্রামী সন্তান। তার এই অকাল মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমরা আজ শুধু সান্ত্বনা দিতে আসিনি, বরং এই পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়িয়েছি। আলমগীরের পরিবারকে আমরা আশ্বস্ত করেছি যে, ভবিষ্যতে যেকোনো বিপদ-আপদে বা প্রয়োজনে আমাদের এই সংগঠন দুটিসহ সবাই সবসময় তাদের পাশে ছায়ার মতো থাকবে।”
এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল রোজ শুক্রবার ১০:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।